২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কর্মসূচি প্রত্যাহারের আহ্বান পূজা কমিটির

শারদীয় দুর্গোৎসবের কথা বিবেচনা করে বিএনপির শনিবারের প্রতিবাদ-সমাবেশ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শারদীয় দুর্গোৎসবের কথা বিবেচনা করে বিএনপির শনিবারের প্রতিবাদ-সমাবেশ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, একটি রাজনৈতিক দল মহানবমী পূজার দিন শনিবার মুক্তাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এর ফলে বিভিন্ন পূজামণ্ডপে হাজার হাজার ভক্তের আগমন ও সুধীজনের উপস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হবে। এজন্য বিবৃতিতে উদ্বেগও প্রকাশ করেন নেতৃবৃন্দ। শনিবার রাজধানীতে প্রতিবাদ-সমাবেশ ও মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মুক্তাঙ্গনে বিকাল তিনটায় এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় শোকসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সরকারের দমনপীড়ন, সিরাজগঞ্জের ঘটনায় কথিত ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি, বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণসহ সরকারের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৯৫০ ঘ.