মুন্সীগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছে।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ডোবার চরের কাছে বালুবাহী একটি জাহাজের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। এতে ডুবে যান নৌকারোহী আব্দুল মান্নান (৪০) ও তার ছেলে সবুজ (৮)।
দমকল বাহিনীর ডুবুরীরা ডুবে যাওয়া নৌকাটি খুঁজে পেলেও নিখোঁজদের সন্ধান সন্ধ্যা পর্যন্ত পাননি।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া সাংবাদিকদের বলেন, ১৮ যাত্রী নিয়ে নৌকাটি নারায়ণগঞ্জ থেকে গজারিয়া আসছিলো। সকাল ১১টার দিকে ডোবার চরের কাছে একটি বলগেটের (বালুবাহী জাহাজ) ধাক্কায় এটি ডুবে যায়।
নৌকার ১৬ জন যাত্রীকে জেলেরা উদ্ধার করেন। দুজনের সন্ধান না পাওয়ায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ডুবুরী দল নৌকাটি সনাক্ত করতে পেরেছে। তবে এটি বালুর নিচে আটকে থাকায় তোলা যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান চলবে।
মান্নানের বাড়ি কুষ্টিয়ায়, তবে তিনি নারায়ণগঞ্জ থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24