২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় মাইক্রো খাদে, নিহত ২

সিরাজগঞ্জে ট্রেনে ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে দুজন মারা গেছে। আহত হয়েছে আরো ছয়জন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে ট্রেনে ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে দুজন মারা গেছে। আহত হয়েছে আরো ছয়জন। রেলওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে চারজনের মৃত্যুর খবর দিলেও পরে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে চকশাহবাজ মোড় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের এই চার যাত্রী নিহত হয় বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে। এর আগে সোমবার সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জন মারা যায়। রেলওয়ে পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিংয় পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরো একজন। হতাহতদের বাড়ি নোয়াখালী ও কুমিল্লা। এরা সিরাজগঞ্জে আত্মীয় বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। স্থানীয় সাংবাদিকরা জানান, নিহত দুজন হলেন- ইউসুফ ও কুলসুম। ওসি জানান, দুর্ঘটনায় আহত মাইক্রোচালক রিপন ও যাত্রী শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, রিমা নামে আহত এক ট্রেন যাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.