সুনামগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটিতে পদ না পাওয়া নেতা-কর্মীরা শুক্রবার মানববন্ধন করেছে।
শুক্রবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের পর এক সমাবেশে নেতাকর্মীরা বলেন, ছাত্রদের নিয়ে কমিটি গঠন করতে হবে। অছাত্রদের বাদ দিতে হবে।
কমিটি বাতিল না হলে আন্দোলন চলবে বলে হমকি দিয়েছেন তারা।
সভায় নতুন কমিটির পদত্যাগী সহসভাপতি মো. শাহাবুদ্দিনও ছিলেন। তিনি বলেন, "এ কমিটিতে অছাত্র ব্যবসায়ী ও মামলার আসামিরও স্থান হয়েছে। এদের দিয়ে ছাত্রলীগ চলবে না।"
একই দাবিতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করে পদ না পাওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা। নতুন কমিটির সাধারণ সম্পাদকের দোকানেও ভাংচুর চালায় তারা।
কয়েকদিন আগে সুনামগঞ্জ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে সেখানে সংগঠনে উত্তেজনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24