২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান কারাগারে, যশোরে গ্রেপ্তার

জমি দখলের মামলায় বৃহস্পতিবার সাতক্ষীরায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখলের মামলায় বৃহস্পতিবার সাতক্ষীরায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। যশোরে নারী নির্যাতনের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ বিশ্বাসসহ সাত আসামি জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। নূর মোহাম্মদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুম আবেদন নামঞ্জুর করে তাদের কারগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন- ইউপি সদস্য আফসার উদ্দীন, চৌকিদার সিরাজ পাড় এবং ওই এলাকার জয়দেব দাস, দুলাল দাস, আব্দুল কাদের ও রেজাউল ইসলাম। গত ৫ জুলাই ওই আদালতে সদর থানার লস্করপাড়া এলাকার দূর্গাপদ বিশ্বাসের ছেলে সুনীল কুমার বিশ্বাস তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলাটি দায়ের করেন। বিচারক মো. আব্দুল্লাহ আল মাসুম তাদেরকে বৃহস্পতিাবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, কালিগঞ্জ থানার খারহাট মৌজায় সুনিল কুমারের ২০.০১ শতক জমি দখল করে ধান ও মাছ চাষ করে আসামিরা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার সম্পদ আত্মসাত করেছে। এতে বলা হয়, ১৯৭৯ সাল হতে বাদী ওই জমিটি ইজারা নিয়ে নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি জানান, যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও তার ছেলে আশিকুর রহমান বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরামপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, নারী নির্যাতনের মামলায় বৃহস্পতিবার দুপুরে কামরুজ্জামানকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আনিসুর রহমান জানান, সন্ধ্যায় কামরুজ্জামানের ছেলে আশিকুর তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও গ্রেপ্তার করা হয়। ওসি জানান, পাচারের ঘটনায় জড়িত অভিযোগে কামরুজ্জামান এক সালিশিতে বালিধা গ্রামের ইন্তাজের ছেলে জহুরুল (৩২) ও বোন পারভিনাকে (৩২) মারধর করে। এই ঘটনায় পারভিনার স্বামী মিজানুর রহমান বুধবার মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৪৩ ঘ.