২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে সেনা মোতায়েনকে স্বাগত জানালো সংসদীয় কমিটি

চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে বন্দরে অচলাবস্থার জন্য কমিটি সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে বন্দরে অচলাবস্থার জন্য কমিটি সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছে। বৃহস্পতিবার কমিটির বৈঠকে বলা হয়, ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে শ্রমিকরা তাদের দাবি আদায় করতে পারবে না। শ্রমিকরা অবশ্য বন্দরে অচলাবস্থার জন্য সংসদীয় কমিটিকেই দায়ী করে আসছে। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে নৌ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-এ-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "বন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। কমিটি সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছে।" তিনি বলেন, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বন্দরের ডক ম্যানেজমেন্ট বোর্ড বিলুপ্ত করেছে এবং শ্রমিক ছাঁটাই করেছে। "এই সিদ্ধান্তের ফলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এই সমস্যার জন্য তারাই দায়ী", বলেন নূর-এ-আলম চৌধুরী। বন্দরের কার্যক্রম গতিশীল করতে বার্থ অপারেটরদের নিয়োগ দেওয়ার পরই শ্রমিক অসন্তোষ শুরু হওয়ায় বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কিছু 'স্বার্থান্বেষী' মহল এর পেছনে থাকতে পারে। তিন দফা দাবিতে আন্দোলনকারী শ্রমিকরা বার্থ অপারেটরদের কাজ করতে না দিলে গত সোমবার বন্দরে অচলাবস্থা দেখা দেয়। এরপর দুদিন ধরে দফায় দফায় বৈঠকের পরও সমস্যার সমাধান না হওয়ায় বুধবার বন্দরে সেনা মোতায়েন করা হয়। তবে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ বন্দরের বর্তমান পরিস্থিতির জন্য নৌ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে দায়ী করে বলেন, "এটা কোনো স্থায়ী সমাধান নয়।" মন্ত্রীর আশ্বাস অনুযায়ী শ্রমিকদের দাবি শিগগিরই মেনে নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার সন্ধ্যায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সংবাদ সম্মেলন করে শ্রমিকদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। সরকার সমর্থিত ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবিগুলো হচ্ছে- বন্দর কর্তৃপক্ষ কর্তৃক তাদের পরিচয়পত্র দেওয়া; তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর যাদের নিয়োগের উপযুক্ত বিবেচনা করা হয়েছে, তাদের পুনর্বহাল; কল্যাণমূলক ভাতা প্রদান। এ দাবিতে বার্থ অপারেটরদের বাধা দেওয়ার পাশাপাশি সোমবার রাত ৯টা থেকে বন্দরের ছয়টি সাধারণ ও ছয়টি কন্টেইনার জেটিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে সেনা উপস্থিতিতে বন্দরের ছয়টি সাধারণ ও ছয়টি কন্টেইনার জেটিতে শান্তিপূর্ণভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এমআই/১৬৩৮ ঘ.