বেনাপোল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা উপলক্ষে শ্রমিক না থাকায় ভারতের ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে আগামী রোববার পর্যন্ত বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখছে।
এর ফলে সকাল থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আনা-নেওয়া প্রায় বন্ধ রয়েছে। তবে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে।
বুধবার ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশের বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছেন।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম চক্রবর্তী সাংবাদিকদের বলেন, অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি চারদিন বন্ধ থাকলেও বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি চালু থাকবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কাজকর্ম স্বাভাবিক রয়েছে।"
এর আগে গত মঙ্গলবার থেকে আগামী সোমবার পযর্ন্ত হিলি স্থলবন্দর দিয়েও পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করার কথা জানান ভারতের ব্যবসায়ীরা। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাওয়া আসা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫২০ ঘ.
bdnews24