২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষক বৈষম্য দূর করতে হবে'

সংবিধান অনুযায়ী মানুষ মানুষে বৈষম্য দূর করতে হবে। তাই বেসরকারি ও সরকারি শিক্ষক বৈষম্য দূর করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান অনুযায়ী মানুষ মানুষে বৈষম্য দূর করতে হবে। তাই বেসরকারি ও সরকারি শিক্ষক বৈষম্য দূর করতে হবে। সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান এ কথা বলেছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিক্ষক-কর্মচারী সংগ্রামী সমন্বয় ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আকবর আলী খান বলেন, "বর্তমানে শিক্ষকদের বক্তব্যেই উঠে আসছে যে, বেসরকারি শিক্ষাঙ্গনে দূর্নীতি বাড়ছে। স্থানীয় রাজনীতিবিদ ও স্কুল কমিটির কারণে দুর্নীতি বেড়ে চলেছে।" বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বর্তমান আর্থ সামাজিক অবস্থা শীর্ষক এই আলোচনা সভায় তিনি বলেন, "শিক্ষকরা দুর্নীতির সাথে জড়িত না থাকলেও এর জন্য ভুক্তভোগী হচ্ছেন।" তিনি বলেন, "শিক্ষকরা যাতে মান মর্যাদা নিয়ে কাজ করতে পারে সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।" রাজনৈতিক ও আমলাতন্ত্রিক জটিলতার জন্য বেসরকারি শিক্ষকরা যে সমস্যায় রয়েছেন তিনি তা দূর করার আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের মহাসচিব মো. নজরুল ইসলাম রনি। মূল প্রবন্ধে মো. নজরুল বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্পৃক্ততা বন্ধ করতে হবে এবং শিক্ষকদের ওপর যে নির্যাতন হচ্ছে তা বন্ধ করতে হবে।" অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে তাদের চাকরি জাতীয়করণ, সম্মানজনক বাড়ি ভাড়া, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, একটি টাইমস্কেলের পরিবর্তে ৩টি টাইমস্কেল প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানকে দূর্নীতিমুক্ত করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৪২০ ঘ.