২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে প্রসূতির মৃত্যু: ক্লিনিকে ভাংচুর

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের একটি ক্লিনিকে এক প্রসূতির মৃত্যুর পর সেখানকার চিকিৎসক ও নার্সরা পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

রাজশাহী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের একটি ক্লিনিকে এক প্রসূতির মৃত্যুর পর সেখানকার চিকিৎসক ও নার্সরা পালিয়ে গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনার পর ভুল চিকিৎসার অভিযোগ এনে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ক্লিনিক ভাংচুর করেছে। পুলিশ জানায়, রাত ৯টার দিকে উপজেলার সূর্যপাড়া গ্রামের ট্রাকচালক বুলবুলের স্ত্রী শম্পাকে (২২) ভবানীগঞ্জের আনোয়ারা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করার আগে তাকে চেতনানাশক দেওয়া হয়। রাত ১০টার দিকে তিনি মারা যান। শম্পার স্বজনদের বরাত দিয়ে বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ জানান, ওই সময় শম্পার মৃত্যুর বিষয়টি না জানিয়ে ক্লিনিকের চিকিৎসক ডা. শামিম ও আকরাম ওষুধ আনতে পাঠায় বুলবুলকে। এরপর শম্পার লাশ ক্লিনিকের একটি কক্ষে তালাবদ্ধ রেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ক্লিনিকের মালিক বেলাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে ক্লিনিকের তালা ভেঙ্গে শম্পার লাশ দেখে তারা ক্লিনিকের জানালার কাচ ও আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শম্পার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮১৭ ঘ.