ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ ও নাটোরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা করছে বিএনপি।
বিরোধী দল বলছে, প্রধানমন্ত্রী ওই বক্তব্য দিয়ে সরকারের ব্যর্থতা ঢাকতে চেয়েছেন।
জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গণভবনে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "ইস্যু সৃষ্টির জন্য বিরোধীদলীয় নেতা লাশের রাজনীতি শুরু করেছেন। যমুনা রিসোর্টে অবস্থান করে তিনি লাশের অপেক্ষায় ছিলেন।"
নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যাকাণ্ড বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল বলেও ইঙ্গিত দেন তিনি।
এর প্রতিক্রিয়ায় বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে প্রধানমন্ত্রী বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন। সিরাজগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত। নাটোরের হত্যাকাণ্ডও তারা করেছে। এখন পর্বতপ্রমাণ ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী আজগুবি সব কথা বলছেন।"
প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত, বলেন তিনি।
সিরাজগঞ্জের সয়দাবাদে সোমবার খালেদার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। অন্যদিকে শুক্রবার নাটোরে খুন হন বিএনপি নেতা বাবু। অভিযোগ রয়েছে, সরকারি দলের নেতা-কর্মীদের হামলায় তিনি নিহত হন।
সিরাজগঞ্জের ঘটনা তদন্ত করছে রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। নাটোরে খুনের মামলা তদন্ত করছে পুলিশ।
বিএনপি লাশের রাজনীতি করে প্রধানমন্ত্রীর এ বক্তব্য নাকচ করে দেলোয়ার বলেন, "লাশের রাজনীতি আওয়ামী লীগই করেছে। বর্তমানে আওয়ামী লীগের দোসর এরশাদ সাহেব ট্রাকে চাপা দিয়ে মানুষ হত্যা করেছিলো। এবার আওয়ামী লীগ ট্রেনে চাপা দিয়ে নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে।"
ট্রেনে কাটা পড়ে নিহত-আহত হওয়ার ঘটনার প্রতিবাদের বুধবার সারাদেশে শোকমিছিল করছে বিএনপি। তবে সিরাজগঞ্জে শোকমিছিলে বাধা দেওয়া হয়েছে বলে বিএনপির অভিযোগ।
সিরাজগঞ্জের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মঙ্গলবার বলেছিলেন, অনুমতি না নিয়ে রেললাইন ঘেঁষে জনসভা করাতেই এ দুর্ঘটনা ঘটেছে।
এর পাল্টা বক্তব্যে দেলোয়ার বলেন, "কেন নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পর দিনাজপুর থেকে আন্তঃনগর ট্রেনটি সেদিন এসেছে, তার কোনো জবাব যোগাযোগমন্ত্রী দেননি। জনসভার অনুষ্ঠানের বিষয়টি স্থানীয় প্রশাসন ও রেলওয়ের স্টেশন মাস্টার জানলেও সেদিন ৭০ মাইল বেগে ট্রেনটি জনসভার পাশ দিয়ে কীভাবে চললো এবং হঠাৎ করে ট্রেনটি সেখানেই কেন থামিয়ে দেওয়া হলো? এসব প্রশ্নের উত্তর খুঁজলে পাওয়া যাবে, পুরো ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।"
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাবু হত্যাকারীরা উস্কানি পাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, "আমাদের কাছে খবর এসেছে, প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যে খুনিরা বীরদর্পে আজ (বুধবার) নাটোরে মিছিল করেছে। আমরা আশঙ্কা করছি, তারা আবারো এরূপ ঘটনা ঘটাবে।"
কুমিল্লায় যুবদলের সভায় মুখোশপরা অস্ত্রধারীদের সংঘর্ষের বিষয়ে দেলোয়ার বলেন, "মুখোশধারী লোকজন ঢুকিয়ে দিয়ে কোন্দল প্রমাণের চেষ্টা হয়েছে। ১৯৮০ সালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের খন্দকার মোশতাকের দল ডেমোক্রেটিক লীগের জনসভাতে আওয়ামী লীগ এভাবে সাপ ছেড়ে জনসভা পণ্ড করছে। এবার তারা মুখোশধারী ঢুকিয়ে সেই কাজ করেছে।"
নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধান না পাওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাড়িতে হামলার নিন্দাও জানান তিনি।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু , সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24