২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস

বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস। 'কাউন্ট ডাউন টু ২০২০' এ প্রতিপাদ্য নিয়ে এ বছর দিবসটি পালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 09:21 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস। 'কাউন্ট ডাউন টু ২০২০' এ প্রতিপাদ্য নিয়ে এ বছর দিবসটি পালিত হবে। ২০২০ সালের মধ্যে নিরাময়যোগ্য অন্ধত্বকে নির্মূল করার স্লোগান নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক অন্ধত্ব নিবারণ সংস্থা কর্তৃক পরিচালিত ভিশন ২০২০ কার্যক্রমে বাংলাদেশ ২০০০ সালে স্বাক্ষর করে। এ উদ্যোগের আওতায় পৃথিবী থেকে ২০২০ সালের মধ্যে নিরাময়যোগ্য অন্ধত্ব নিবারণ করা হবে। এ লক্ষ্যে ২০০৫ সালে বাংলাদেশে জাতীয় চক্ষুনীতি ঘোষণা করা হয়। এ নীতির উদ্দেশ্য হচ্ছে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্বাস্থ্য সেবা অবকাঠামো গড়ে তোলা, জাতীয় ও আন্তর্জাতিক সমন্বয় সাধন, চক্ষু চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও ছানি অপারেশনের হার বৃদ্ধি করা, শিশুর অন্ধত্ব মোচন এবং বয়স্ক, শিশু ও মহিলাদের সামর্থ্যের মধ্যে চক্ষু সেবাকে নিয়ে আসা। সংবাদ সম্মেলনে জাতীয় চক্ষু ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নুরুল হক জানান, বর্তমানে দেশে এক লাখ ৭৫ হাজার রোগীর চোখ অপারেশন করা হয়। তাই এ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য সেবা নিশ্চিত করতে জাতীয় চক্ষু সেবা কার্যক্রমের আওতায় কাজ করা হচ্ছে। তিনি বলেন, জনগণকে চোখের রোগ সম্পর্কে আরো সচেতন করা এবং এ সেবার সকল তথ্য নিশ্চিতের লক্ষ্যে এ উদ্যোগের আওতায় কাজ করা হচ্ছে। জাতীয় চক্ষুনীতি ও ইঙ্গো ফোরামের আওতায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করছে এ ভিশন ২০২০ বাস্তবায়নে। এ সংস্থাগুলোর মধ্যে রয়েছে সাইট সেভারস ইন্টারন্যাশনাল, অরবিস ইন্টারন্যাশনাল, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/১৫১৫ ঘ.