সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভার প্রতিনিধি
ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভার উপজেলার আমিনবাজারে সালেপুর সেতুর কাছে তুরাগ নদীতে রোববার পড়ে যাওয়া বাসটির নিখোঁজ চার যাত্রীর লাশ ৬-৭ কিলোমিটার দক্ষিণে ভাসছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে।
এ খবরে সেনাবাহিনীর দুটি দল ভাকুর্তা ইউনিয়নের সলমাসী গ্রামের কলাটিয়া পাড়ার উদ্দেশে রওনা করেছে বলে সালেপুর স্থাপিত সেনাক্যাম্প এ কর্তব্যরতরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে সলমাসী এলাকা থেকেই একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৩৫ বছরের কাছাকাছি। তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দমকল বাহিনীর ডুবুরীরা ছোট ছোট নৌকা নিয়ে নিখোঁজদের সন্ধান করছেন। এছাড়া সকালে সালেপুর সেতুর কাছ থেকে পঙ্গু হাসপাতাল মসজিদের ঈমামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওদিকে, দুর্ঘটনাকবলিত বৈশাখী পরিবহনের বাসটির চালকের বিরুদ্ধ মামলা হয়েছে।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন। মামলায় দুর্ঘটনাকবলিত বাসটির চালক মুজিবুর রহমানকে আসামি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে মুজিবুর রহমান নিখোঁজ রয়েছেন। ওসি মাহবুবুর রহমানের ধারণা, গাড়িচালক মুজিবুর বেঁচে নেই।
সাভার থানার এসআই রিফাত খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালেপুর সেতুর কাছ থেকে সকালে ঢাকার পঙ্গু হাসপাতাল মসজিদের ঈমাম হাফিজুর রহমানের (৫০) লাশ উদ্ধার করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সেতু থেকে ৬-৭ কিলোমিটার দক্ষিণে ভাকুর্তা ইউনিয়নের সলমাসী গ্রামের কলাটিয়া পাড়া এলাকা থেকে ৩৫ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির লাশ উদ্বার করা হয়েছে।
এর আগে তিনি এ লাশটি সালেপুর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে পানপাড়া ঘাট থেকে উদ্ধার করার কথা জানিয়েছিলেন। লাশটি সালেপুর সেতুর কাছে পুলিশের হেফাজতে রয়েছে। দুপুর পৌনে ২টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃত ১৩ জনের সন্ধান পাওয়া গেলো। এদের মধ্যে পরিচয় মিলেছে ১১ জনের। অজ্ঞাতপরিচয় এক মহিলার লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার রাতে।
নিহত হাফিজুরের বড় ছেলে ফয়সাল আহমেদ তার লাশ সনাক্ত করেন।
ফয়সাল সাংবাদিকদের জানান, সেদিন হাফিজুর রহমান তার মামা জলিল মিয়াকে নিয়ে সাভারে যাচ্ছিলেন একটি জমি নিবন্ধন করার কাজে। জলিল মিয়া সেদিন বাসটি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। তখন তাদের কাছে ১৪ লাখ টাকা থাকলেও তা তারা পাননি।
ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার ৫৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে তুরাগ নদী থেকে বাসটি উদ্ধার করা হয়। ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, নিখোঁজদের সন্ধান কাজ আজকের মতো (মঙ্গলবার) স্থগিত করা হয়েছে।
দমকল-নৌ-সেনাবাহিনীর যৌথ উদ্ধারকারী দল পাঁচটি রেকার ও একটি ক্রেনের সাহায্যে বাসটি তীরে টেনে আনে। সেসময় উদ্ধারকর্মী দল জানায়, ভেতরে আর কোনো লাশ নেই।
তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকে দাবি করেন, তাদের স্বজন দুর্ঘটনার সময় বাসের ভেতরে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪২৫ ঘ.
bdnews24