২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় এসিড মামলায় ১৪ বছর সাজা

এসিড নিক্ষেপের দায়ে এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 10:50 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

বগুড়া, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের দায়ে এক যুবককে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা আসামির উপস্থিতিতে এ রায় দেন। সাজাপ্রাপ্তের নাম- মো. সেলিম (২১)। তার বাড়ি শেরপুর উপজেলার সীমাবাড়ী। বাবার নাম জয়নাল আবেদীন। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাত্র ১৪ কর্ম দিবসে এ মামলা নিষ্পত্তি করা হলো। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর গভীর রাতে সীমাবাড়ী এসআর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রোকেয়া পারভীন মৌকে সেলিম এসিড নিক্ষেপ করেন। মৌকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মৌ'র মা কোহিনুর বেগম পরদিন সেলিমকে আসামি করে শেরপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন ২০০৯ সালের ১৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৪৭ ঘ.