২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার বন্দরের জেটিতে কাজ শুরুর আশা নৌমন্ত্রীর

বন্দর সচলের আশা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। বুধবার বন্দরের জেটিতে কাজ শুরু করা যাবে বলে তিনি আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 08:57 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর সচলের আশা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। বুধবার বন্দরের জেটিতে কাজ শুরু করা যাবে বলে তিনি আশাবাদী। মঙ্গলবার রাতে প্রথমে চবক ও পরে বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) নেতাদের সঙ্গে বৈঠক করেন নৌমন্ত্রী। এরপর তিনি ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানকে দেখতে তার বাসায় যান। শ্রমিকদের হাতে বিকালে লাঞ্ছিত হন মাহফুজুর। নতুন দায়িত্ব পাওয়া বার্থ অপারেটরদের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে সোমবার থেকে বন্দরের ১২টি জেটিতে পণ্য খালাস বন্ধ আছে। শ্রমিকরা তিনটি দাবি পূরণের আগে বার্থ অপারেটরদের কাজ করতে দিচ্ছে না। মঙ্গলবার বিকালে বার্থ অপারেটররা কাজ শুরু করতে চাইলেও শ্রমিকদের বাধায় ব্যর্থ হয়। শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয় রাত ১০টার দিকে। রাত পৌনে ১১টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠকে কাজ শুরুর আহ্বান জানিয়ে নৌমন্ত্রী শ্রমিক নেতাদের জানান, সরকার আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবেলা করতে চায়। এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করেন শাজাহান খান। বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, "বুধবার সকালে সাধারণ শ্রমিকদের সঙ্গেও প্রয়োজনে আমি বৈঠক করব।" বুধবার বন্দরের জেটিতে কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, তিন পক্ষের সঙ্গে পৃথক বৈঠকের পর যৌথ বৈঠক করা হবে। বন্দরে অচলাবস্থা সৃষ্টি করতে কেউ ইন্ধন দিচ্ছে কি না জানতে চাইলে শাজাহান খান বলেন, "কেউ যদি কোন ব্যাড গেম নিয়ে এগুতে চায় আমরা কঠোর হাতে তা দমন করব।" বন্দর পরিচালনায় বার্থ অপারেটরদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, "সেনা মোতায়েনের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আলোচনার মাধ্যমে এর সমাধান করব।" শ্রমিক সংগঠন, বার্থ অপারেটর ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকে করছেন নৌমন্ত্রী শাজাহান খান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের ডাক বাংলোয় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রথম বৈঠক শুরু করেন মন্ত্রী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার আগে শাজাহান খান সাংবাদিকদের বলেন, "আশা করেছিলাম, বন্দর কর্তৃপক্ষই এ সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু তা হয়নি। আমি সবার সঙ্গে কথা বলবো। আশা করছি, কালকের (বুধবার) মধ্যেই বন্দর পুরোপুরি সচল হবে।" এর আগে সকালে বার্থ অপারেটরদের সঙ্গে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। বৈঠকের পর বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বলেন, "আশা করি, দুপুরের মধ্যে বার্থ অপারেটররা কাজ শুরু করবে।" দুপুর গড়িয়ে বিকালে বার্থ অপারেটরা কাজ শুরু করতে চাইলে শ্রমিকরা বাধা দেয়। বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "তারা (শ্রমিকরা) কোনো নেতাকে মানছেন না।" শ্রমিকদের হাতে বিকালে লাঞ্ছিত হন তাদেরই নেতা ডক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আহাদ। শ্রমিকদের অভিযোগ, দুই নেতা বার্থ অপারেটরদের 'স্বার্থ' দেখছেন। শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- বন্দর কর্তৃপক্ষ কর্তৃক তাদের পরিচয়পত্র দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর যাদের নিয়োগের উপযুক্ত বিবেচনা করা হয়েছে, তাদের পুনর্বহাল এবং শ্রমিক কল্যাণে বিভিন্ন সুবিধা বাড়ানো। বন্দরের মোট ১৬টি জেটির মধ্যে চারটিতে কাজ চলায় জট লাগার আশঙ্কা হচ্ছে। সরকারি চালবাহী তিনটি, বেসরকারি চালবাহী তিনটিসহ মোট আটটি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। বন্দর ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মঙ্গলবার সকালে বহির্নোঙরে মোট ৫৩টি জাহাজের মধ্যে ১৮টি থেকে পণ্য খালাসের কাজ চলছে। মূল বন্দর এলাকায় ১৬টি জেটির মধ্যে ১০টি কন্টেইনার জেটি এবং ছয়টি সাধারণ জেটি। এর মধ্যে ছয়টি কন্টেইনার জেটি ও সাধারণ ছয় জেটিতে কাজ বন্ধ রয়েছে। এছাড়া সাইলো জোটি একটি এবং রিভার মুড়িং জেটি পাঁচটি ছাড়াও রয়েছে আরো কয়েকটি বেসরকারি জেটি। ওগুলোতে স্বাভাবিক কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/পিডি/২৩৫৫ ঘ.