সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ, শফিকুল ইসলাম মিলটন ও সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদীর তলদেশে গর্তে আটকা পড়া দুর্ঘটনা কবলিত বাস থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
এই নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাড়ালো ৪।
মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে একজন যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে সাড়ে ৮টার দিকে আরও একটি লাশ উদ্ধার করা হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে একজন ডুবুরী বাসটি থেকে মকবুল গাজী নামের ৫০ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেন।
রোববার ওই বাসের যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মনোয়ারা খাতুন তারা মারা যান।
ওদিকে বাসটি উদ্ধারে একটি ভাসমান ক্রেন নারায়নগঞ্জ থেকে আনা হচ্ছে।
সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে দড়ি ছিড়ে পড়ে বাসটি আগের অবস্থানে ফিরে যায় বলে জানান ঘটনাস্থলে উপস্থিত সাভার থানার ওসি মাহবুবুর রহমান।
এর আগে সোমবার রাত ১০টার দিকে দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, গর্তে আটকা পড়া বাসটির পেছনের অংশ পাঁচ ফুট ওপরে টেনে তোলা হয়েছে চেইন কপ্পা পদ্ধতিতে।
তিনি বলেন, "পূর্ব-পশ্চিম দিকে মুখ করা অবস্থায় বাসটি ৩৮ ফুট গভীরতায় ডুবে রয়েছে। বেসরকারি একটি বার্জে চেইন কপ্পা স্থাপন করে এটি টেনে তোলা হচ্ছে।"
বাসটির পেছনের দুচাকায় বেঁধে পেছনের অংশ গর্ত থেকে ওপরে টেনে তোলার চেষ্টা চালানো হয়। ১২ ফুট উচ্চতায় তোলা গেলে বাসটি টেনে অপেক্ষাকৃত কম গভীরতায় নেওয়া হবে বলে জানান উদ্ধার অভিযানের সমন্বয়কারী ৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ কায়কোবাদ।
প্রায় তিনশ টন ক্ষমতাসম্পন্ন রেকার দিয়েও বাসটিকে নড়াতে না পারায় উদ্ধারকারী দল চেইন কপ্পা ব্যবহারের সিদ্ধান্ত নেয় বলে সন্ধ্যার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান দমকল বাহিনীর মহাপরিচালক।
প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান পাওয়া যায়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বাস শনাক্ত হওয়ার খবর জানান।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।
নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এসএম মইনুদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীটি সংকীর্ণ হওয়ায় ভাসমান ক্রেন আনা সম্ভব হচ্ছে না। এ কারণে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।
দমকল বাহিনীর মহাপরিচালক জানান, এলাকার লোকজন বলছে নদীর এই জয়গায় আগে একটি পুকুর ছিল। কিন্তু বর্তমান অবস্থায় দেখা গেছে পুকুর নয় একটি বড় গর্ত রয়েছে যেখানে দুর্ঘটনা কবলিত বাসটি আটকে গেছে।
তিনি বলেন, "বাসটিকে টেনে তুলতে এখন প্রচুর শক্তির প্রয়োজন। তারের দড়ি লাগিয়ে তিনশ টন ক্ষমতাসম্পন্ন বার্জ দিয়েও টেনে তোলা সম্ভব হয়নি।"
দমকল বাহিনীর ১৪ জন এবং নৌবাহিনীর ৬০ জন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মইনুদ্দিন।
বাসের আটকে থাকা জায়গাটিতে সব ডুবুরি পৌঁছতেও পারছেন না বলে জানান আবু নাইম। যারা পারছেন তারা সেখানে গিয়ে স্রোতের কারণে দাঁড়িয়ে কাজ করতে পারছে না।
তবে বাসটি উদ্ধারে সবধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
আপাতত বাস তোলা সম্ভব না হলেও বাসের ভেতরে মৃতদেহ থেকে থাকলে সেগুলো তোলা যেতে পারে কি না
bdnews24