ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনা তদন্তে রেলওয়ে ও জেলা প্রশাসন দুটি কমিটি করেছে।
এর মধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক টিএ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
চার সদস্যের অপর কমিটি করেছে জেলা প্রশাসন। এই কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে পাঁচজন মারা গেছেন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেনের চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক জানান, রেলওয়ের পশ্চিম জোনের প্রধান প্রকৌশলীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট, রেলওয়ে পশ্চিম জোনের প্রকৌশলী (বিভাগীয় পরিবহন) ও রেলওয়ে থানার ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/পিডি/এমএসবি/২৩৫২ ঘ.
bdnews24