ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক টিএ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে পাঁচজন মারা গেছেন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রেনের চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক জানান, রেলওয়ের পশ্চিম জোনের প্রধান প্রকৌশলীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/এমএসবি/২৩৩৩ ঘ.
bdnews24