মুন্সীগঞ্জ,অক্টোবকর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাব্যতা সঙ্কট ও ডুবোচরের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
ফলে শত শত যাত্রীকে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে দুর্ভোগ পোহাতে হয়। ঘাটে দেখা দেয় যানজট।
রোববার রাতে সংসদের ডেপুটি স্পিকার এবং হাইকোর্টের একজন বিচারপতিকে বহনকারী দু'টি ফেরিও ডুবোচরে বেশকিছু সময় আটকে থাকে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাওয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাওয়ায় এখনো শতাধিক যান আটকে রয়েছে। মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা সঙ্কটের কারণে অসংখ্য ডুবোচর দেখা দিয়েছে। এসব ডুবোচরের উপর দিয়ে ফেরি চালানো অসম্ভব হয়ে পড়েছে। প্রতিটি ফেরিই ডুবোচরে আটকে আটকে পদ্মা পারি দিচ্ছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে হাজরা পয়েন্টের কাওলিয়ারচরের কাছে অন্তত চারটি ফেরি ডুবোচরে আটকা পড়ে।
এর মধ্যে রয়েছে ফেরি যমুনা, কাকলী, কর্ণফুলী ও রাণীক্ষেত।
সোমবার সকাল সাড়ে ৬টায় ফেরি 'রাণীক্ষেত' সাতটি বাস, আটটি ট্রাক ও চারটি হালকা যানবাহন ও কিছু যাত্রী নিয়ে মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে কাওলিয়ার চরের কাছে ডুবোচরে আটকা পড়ে।
সকাল ৯টার দিকে টাগ বোট দিয়ে এটি টেনে বের করে আনা হয়।
এই ফেরি আটকে থাকায় নৌ-পথের চ্যানেলের মুখ বন্ধ হয়ে গেলে এই রুটে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সব ফেরি চলাচল বন্ধ থাকে।
এর আগে রোববার রাত ২টার দিকে ফেরি 'যমুনা' সাতটি বাস, তিনটি ট্রাক ও পাঁচটি হালকা যানবাহন ও কিছু যাত্রীসহ একই পয়েন্টে আটাকা পড়ে। প্রায় ১২ ঘণ্টা পর সোমবার দুপুর ২টার দিকে এটি উদ্ধার করা হয়।
রোববার রাত পৌনে ৮টার দিকে ভিআইপি ফেরি 'কর্ণফুলী' মাওয়া থেকে শরীয়তপুরের কাঠালবাড়ি ঘাটের উদ্দেশে রওনা দিয়ে মাঝ পদ্মায় ডুবোচরে আটকা পড়ে।
এ ফেরিতে ছিলেন সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর স্ত্রী ও তার পরিবারের কয়েকজন সদস্য। প্রায় ৪৫ মিনিট পর ফেরিটি উদ্ধার করে কাঠালবাড়ি ঘাটে নিয়ে যাওয়া হয়।
প্রায় একই সময়ে কাওলিয়ার চরের কাছে জিয়াউল করিম নামে হাইকোর্টের এক বিচারপতিকে বহনকারী ফেরি 'কাকলী' মাওয়া থেকে কাওড়াকান্দি যাবার পথে আটকা পরে। প্রায় দুইঘণ্টা পর এটি উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আব্দুস সোবহান জানান, পদ্মার পানি কমতে থাকায় ডুবোচরগুলো জেগে উঠতে শুরু করেছে। নাব্যতা সঙ্কট প্রকট আকার ধারণ করছে। অসংখ্য ডুবোচর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.
bdnews24