২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার

জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের দু'সপ্তাহ পর পাবনায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের দু'সপ্তাহ পর পাবনায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মুস্তাফিজুর রহমান। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। উপসচিব মুস্তাফিজ বর্তমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন। গত ২৮ সেপ্টেম্বর পাবনার জেলা প্রশাসক এএফএম মনজুর কাদির ও পুলিশ সুপার জামিল আহমেদকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। গত ১৭ সেপ্টেম্বর পাবলা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় সরকারি দলের সমর্থক সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। ওই সময় হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এবং এনডিসি মঈনুল হোসেন বাদী হয়ে ওই রাতেই জেলা ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক দুইটি মামলা করেন। গত ২৩ সেপ্টেম্বর পাবনার প্রশাসনিক কর্মকর্তারা সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় ছাত্রলীগ-যুবলীগের ওই তাণ্ডবের কথা তুলে ধরে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন ডিসি এএফএম মনজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৩৭ ঘ.