ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে আমদানি-রপ্তানিকারক ও ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের ধর্মঘটে আখাউড়া স্থলবন্দল অচল হয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ধরখার থেকে আগরতলা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের সংস্কার দাবি করে এ দু'টি সংগঠন সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু করে।
ধর্মঘটের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রাপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে ধরখার-আগরতলা সড়কটি সংস্কারের দাবি জানানো হচ্ছে। কিন্ত এ পর্যন্ত তা করা হয়নি।"
সড়কটি এখন পায়ে হেঁটে চলাচলেরও উপযোগী নয় জানিয়ে তিনি আরো বলেন, "এই সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল তো অকল্পনীয়। এতে আমাদের ব্যাপক লোকশান গুনতে হচ্ছে।"
ধর্মঘটে দৈনিক প্রায় দেড় কোটি টাকার পণ্য রপ্তানী ব্যাহত হতে পারে বলে সফিকুল আশঙ্কা প্রকাশ করেন।
আখাউড়া সিএডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সড়কের ভগ্নদশার কারণে ট্রাক ভাড়া দ্বিগুণ পরিমাণ বেড়ে গেছে। এতে বন্দরে ব্যবসা বাণিজ্য কমে গেছে।"
তিনি জানান, ধরখার থেকে সোনারবাদী চেকপোস্ট পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। প্রায় তিন কিলোমিটার এলাকার পিচ উঠে গেছে। কোথাও কোথাও ৩-৪ ফুট দেবে গেছে।
এ কারণে এই সড়কে প্রায়শই পণ্যবাহী ট্রাকগুলো বিকল হয়ে পড়ে। এতে পুরো সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিঢেফার ডটকমকে বলেন, "ওই সড়কের মাটিতে সমস্যা আছে। এর মেরামতের কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যায়।"
তিনি জানান, খুব শিগগিরই এ সড়কের মাটি পরীক্ষা করে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮১৬ ঘ.
bdnews24