দিনাজপুর, অক্টেবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমাগারে পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ দাবি করে দিনাজপুরে আবারো মহাসড়ক অবরোধ করেছে ক্ষতিগ্রস্ত আলুচাষীরা।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে প্রায় তিনশ চাষী সদর উপজেলার গোপালগঞ্জে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে অবস্থান নেয়।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
চাষীদের অভিযোগ, উত্তরা হিমাগার লিমিটেড কর্তৃপক্ষ আলু সংরক্ষণে বিকল্প বিদ্যুতের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করলেও হিমাগারে রাখা তাদের ১৩ হাজার বস্তা আলু পচে গেছে।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, পুলিশের অনুরোধে আলুচাষীরা দুপুর ২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।
তবে আগামী ১৮ অক্টোবরের মধ্যে পচে যাওয়া আলুর ক্ষতিপূরণ দেওয়া না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরুর হুমকি দিয়েছে আলুচাষীরা।
এর আগে গত ৭ অক্টোবর স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে তারা এক ঘণ্টা মানববন্ধন করে।
আলু চাষী সংগ্রাম পরিষদের সহ-সভাপতি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিমাগার কর্তৃপক্ষ গত এপ্রিলে আলু সংরক্ষণের জন্য রাখে। কিন্তু ১৫ দিনের মধ্যেই আলুতে পচন ধরে।"
এ ঘটনায় বিক্ষুদ্ধ আলু চাষীরা ক্ষতিপূরণের দাবিতে পঁচা আলু রাস্তায় ফেলে গত এপ্রিলে দুই দফায় মহাসড়ক অবরোধ করে।
আজিজুল ইসলাম জানান, পরে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিটি কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করে। সে অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করে হিমাগার কর্তৃপক্ষ।
তিনি বলেন, "কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।"
তাদের এই গড়িমসির বিষয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তাকে কোনো কাজ হয়নি বলে জানান আজিজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭১৬ ঘ.
bdnews24