প্রদীপ চৌধুরী, সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ ও সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি থেকে একজনের লাশ উদ্ধার হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে একজন ডুবুরী ৫০ বছরের কাছাকাছি বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন।
এ নিয়ে রোববারের ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২।
নিহত মকবুল গাজীর বাসা ঢাকার মহাখালী টিভি গেট এলাকায়। তার এক মেয়ের শ্বশুরবাড়ি সাভারে। তিনি হজে যাচ্ছেন। এজন্য রোববার সকালে তার সঙ্গে দেখা করতে সাভারে যাচ্ছিলেন মকবুল।
দমকল বাহিনীর ডুবুরী চাঁন মিয়া তার লাশটি উদ্ধার করেন।
এর আগে ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান মেলার ঘোষণা দেন স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।
ওদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সালেপুর সেতুর দেড় থেকে দুইশ' ফুট দূরে বাসটির সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অথচ রোববার দুর্ঘটনার পর ওই স্থানে কোনো তল্লাশি চালানো হয়নি।
তাদের সন্দেহ, রাতেই বাসটির সন্ধান পাওয়া গেছে এবং লাশ সরিয়ে ফেলা হয়েছে।
ডুবে যাওয়ার পর বাসের আট যাত্রী তীরে উঠে আসেন। এর মধ্যে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহত মনোয়ারা খাতুন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী।
জীবিত উদ্ধার বাসযাত্রীদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়েছিলেন।
দুর্ঘটনার পর থেকে সালেপুর সেতুর কাছে ভিড় করে আছে বাসযাত্রীদের স্বজনদের পাশাপাশি স্থানীয়রা।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী, দমকল বাহিনী এবং কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয়রা নেমেছেন তুরাগ নদীতে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান বিঘি
bdnews24