ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর পারোলের মেয়াদ আরো ২০ দিন বাড়িয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এ সময়ের মধ্যে চিকিৎসার সব কাগজপত্র জমা দিয়ে কোকো কারামুক্তির আবেদন জানালে সরকার তা বিবেচনা করতে পারে এ অভিমত দিয়ে আদালত রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে।
সোমবার বিচারপতি মো. আবদুল ওহ্হাব মিয়া ও বিচারপতি কাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ কোকোর রিট আবেদনে উভয় পক্ষের শুনানি শেষে এ রায় দেয়।
রায়ের পর সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোকো আরো ২০ দিন পারোলে মুক্ত থাকবে। এর মধ্যে সে নতুন করে আবেদন করলে সরকার তা বিবেচনা করতে পারে বলে আদালত রায় দিয়েছে।"
কোকোর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট কোকোর পারোলের মেয়াদ ২০ দিন বাড়িয়েছে। নতুন করে তার পারোল বাড়ানোর আবেদন করতে হবে।"
গত বুধবার রিট আবেদনটির ওপর শুনানি গ্রহণ শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করেন হাইকোর্টের একই বেঞ্চ।
গত মঙ্গলবার হাইকোর্টের এই বেঞ্চ রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোকোর সাময়িক মুক্তি আদেশ বহাল রাখে।
গত ২৬ অগাস্ট কোকোর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত তার মুক্তির মেয়াদ ৪০ দিন বাড়ায়। সেই সঙ্গে তার পারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণও জানতে চায়।
সে সময় হাইকোর্টের এ আদেশ স্থগিতে সরকার একটি আবেদন জানায়। সোমবার কোকোর সাময়িক মুক্তির বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করার আদেশ দেয় আপিল বিভাগ।
খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত ১৯ অগাস্ট প্যারোল বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৫০৭ ঘ.
bdnews24