২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার আরেক মামলায় মাহমুদুরের জরিমানা

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত অবমাননার আরেকটি মামলায় ১০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 08:29 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত অবমাননার আরেকটি মামলায় ১০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। পাশাপাশি পত্রিকাটির প্রকাশক হাসমত আলীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেয়। আদালত রায়ে বলে, "নিবন্ধটি কুৎসা রটনামূলক ও আদালত অবমাননাকর। মাহমুদুর রহমান আদালত অবমাননার দায়ে দোষী। তবে আমরা বিষয়টিকে নমনীয়ভাবে দেখছি। তাই তাকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদণ্ড দেওয়া হলো।" রায় ঘোষণা উপলক্ষে মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১০ মে দৈনিক আমার দেশ পত্রিকায় 'স্বাধীন বিচারের নামে তামাশা' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এরপর সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান আদালতে অবমাননার মামলা দায়ের করেন। আদালত ১৭ অগাস্ট মাহমুদুর ও হাসমত আলীর বিরুদ্ধে রুল জারি করে। এর আগে গত ১৯ অগাস্ট অপর একটি আদালত অবমাননার মামলায় মাহমুদুরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলো আপিল বিভাগ। ওই রায়ে পত্রিকাটির প্রকাশক হাসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। মাহমুদুরের পক্ষে সোমবার আপিল বিভাগে শুনানি করেন ব্যরিস্টার আব্দুর রাজ্জাক। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। মাহবুবে আলম শুনানিতে মাহমুদুরের পাঁচ বছরের কারাদণ্ডের আবেদন জানান। রায়ের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "যেহেতু অপর একটি আদালত অবমাননার মামলায় মাহমুদুরের ছয় মাস সাজা হয়েছে তাই এ মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেও আদালত বিষয়টি নমনীয়ভাবে গ্রহণ করে ১০০ টাকা জরিমানা করেছে।" চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর ভাই হাসমত আলীকে প্রকাশক করে ২০০৪ সালের সেপ্টেম্বরে পত্রিকাটি প্রকাশিত হয়। ২০০৮ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন। এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য তিনি জেলা প্রকাশককে চিঠি দেন। সে সময় থেকেই পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রয়েছেন তিনি। প্রকাশনা বন্ধ করার পরদিন ২ জুন ভোররাতে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন হাশমত আলী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুর রহমানের বিরেুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন মাহমুদুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৭ ঘ.