২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ ঘণ্টায়ও বাসের সন্ধান মেলেনি

প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়ার ২১ ঘণ্টা পরও বাসটির সন্ধান মেলেনি। প্রচণ্ড স্রোতের কারণে স্যোনার যন্ত্র দিয়ে তল্লাশি চালিয়েও বাসটির অবস্থান সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান। দুর্ঘটনাস্থল থেকে জানাচ্ছেন সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ ও সেলিম আহমেদ (আরো তথ্যসহ-১১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 02:24 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ ও সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়ার ২১ ঘণ্টা পরও বাসটির সন্ধান মেলেনি। সোমবার সকাল ৬টার দিকে নৌবাহিনীর ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, প্রচণ্ড স্রোতের কারণে স্যোনার যন্ত্র দিয়েও তল্লাশি চালিয়ে বাসটির অবস্থান সনাক্ত করা যায়নি। একই কারণে ডুবুরীদেরও পানিতে নামানো যাচ্ছে না। তল্লাশি অভিযানে নৌবাহিনীর সদস্যদের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান। অভিযানে অংশ নিতে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ১২ সদেস্যর একটি বিশেষজ্ঞ দল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন নৌবাহিনীর কমান্ডার আব্দুল আলিম। সকাল ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তারা বিমানযোগে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তল্লাশি শুরু করবেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো। দুর্ঘটনাস্থলে বাসযাত্রীদের স্বজনদের ভিড় রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর এক স্যোনার বিশেষজ্ঞ চট্টগ্রাম থেকে সাভারের সালেপুরে স্যোনার যন্ত্রটি নিয়ে পৌঁছান। এর কিছুক্ষণ পরেই যন্ত্রটি দিয়ে বাসটি সনাক্তের কাজ শুরু করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান উদ্ধার অভিযানের সমন্বয়কারী মেজর হাসান। রাত সাড়ে ১২টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্ঘটনাস্থলে পৌঁছান। ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, "এটি একটি দুঃখজনক ঘটনা। আশা করছি, শিগগির বাসটি খুঁজে পাওয়া যাবে।" ডুবে যাওয়ার পর বাসের আট যাত্রী তীরে উঠে আসেন। এর মধ্যে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহত মনোয়ারা খাতুন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী। জীবিত উদ্ধার বাসযাত্রীদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়েছিলেন। স্যোনার (sonar) হলো 'সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং' (sound navigation and ranging) শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এ যন্ত্র থেকে শব্দতরঙ্গ ছড়িয়ে দিয়ে তার প্রতিধ্বনির ভিত্তিতে পানিতে ডুবে থাকা কোনো বস্তুর অবস্থান খুঁজে বের করা যায়। নৌবাহিনীর স্যোনার যন্ত্রটি ৯৮ থেকে এক হাজার ফুট গভীরতায় নামতে পারে। এটি অর্ধবৃত্তাকারে ৫০ ফুট পর্যন্ত শব্দতরঙ্গের প্রতিধ্বনি শনাক্ত করতে পারে। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ রোববার সন্ধ্যায় জানান, নদীর তলদেশ উঁচু-নিচু হওয়ায় এবং তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্যাপ্টেন নাজমুল ও নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার কমোডর এএসএম আব্দুল বাতেন উদ্ধারকাজ তদারক করছেন। তুরাগ নদীতে বাস খোঁজায় অংশ নেওয়া নৌবাহিনীর ডুবুরি নোমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নদীর ৯৫ ফুট তলায় প্রায় একঘণ্টা বাসটি খুঁজেছেন। তবে প্রচণ্ড স্রোতের কারণে নদীর তলদেশে স্থির থাকা যাচ্ছে না বলে জানান নোমান। বাসটি উদ্ধারে প্রথমে দমকল বাহিনীর ডুবুরিরা নামে। সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল যোগ দেয় বেলা ৩টার দিকে। দুর্ঘটনাস্থলে স্বজনদের ভিড় বাস ডুবে যাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। বিকালে অনেকে আসতে থাকে স্বজনদের খোঁজে, যাদের ধারণা তাদের স্বজনরা ছিলেন ওই বাসে। শাফিন নামে ঢাকার মিরপুরের এক বাসিন্দা এসেছেন তার বাবা আব্দুল মান্নানকে খুঁজতে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি সাভারে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ। ধারণা করছি, তিনি এ বাসেই ছিলেন।" একই ধারণা থেকে ভাই আরিফুল ইসলামের সন্ধানের জন্য এসেছেন সাভারের বাসিন্দা শিরিন আক্তার। তিনিও বলেন, তার ভাইয়ের মোবাইল ফোন দুপুর থেকে বন্ধ পাচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম তদারক করতে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার ও ঢাকার জেলা প্রশাসক মো. মোহিবুল হক দুর্ঘটনাস্থলে যান। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একদল সদস্য বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে তল্লাশিতে সহায়তা করছে। শুরুতে তিনজন ডুবুরি নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা এবং বাসের সন্ধান না মেলায় দুপুরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। তখন বিক্ষোভরত জনতাকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় র‌্যাব। ওদিকে সাভার থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মনোয়ারার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএইচএ/এজে/০৯০৩ ঘ.