কুমিল্লা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে দু'পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
রোববার কুমিল্লা টাউন হলে সম্মেলন চলাকালে সংঘর্ষ শুরু হলে কান্দিরপাড় ও আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই গ্র"পের মধ্যে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে পুলিশ ২৪ রাউন্ড শর্টগানের গুলি ও ২০ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ জনকে আটক করেছে।
শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সম্মেলনকে ঘিরে শনিবার রাত থেকে তোরণ ও মঞ্চ ভাংচুরের ঘটনায় যুবদলের দুই গ্র"পের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর-রশীদ ইয়াছিন সমর্থিত আমীরুজ্জামান-ওয়াসিম গ্র"প ও যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত স্বপন-আনোয়ার গ্র"পের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।
রোববার সকালে ব্যাপক পুলিশ পাহারায় টাউন হলে সম্মেলন শুরু হয়।
পুলিশ সম্মেলনে অংশগ্রহণকারীদের দেহ তল্লাশি চালায়।
সকাল থেকে দুই গ্র"পের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হল প্রাঙ্গণে এসে জড়ো হয়।
দুপুর সাড়ে ১২টায় যুবদল কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব সম্মেলনস্থলে এসে পৌঁছেন।
এ সময় টাউন হলের বাইরে দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ছড়িয়ে পড়ে টাউন হল মাঠ ও কান্দিরপাড় এলাকায়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সড়কে লিবার্টির মোড়ে অবস্থান নিয়ে কালো মুখোশ পরে স্বপন-আনোয়ার গ্র"প টাউন হলের দিকে গুলি ছুঁড়তে থাকে। তারা ককটেলের বিস্ফোরণও ঘটায়।
ওদিকে আমির-ওয়াসিম গ্র"প টাউন হল মাঠে অবস্থান নেয়।
এ সময় কান্দিরপাড়ের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক শাহজাহান কবির জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ২৪ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।
সংঘর্ষের সময় গুলিতে আহত হয় স্কুলছাত্র সাদমান (১৫), পথচারী ফেরদৌস (২৩), মিলন (২২) ও রাসেল (২৩)। তাদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
এছাড়া পথচারীসহ উভয় গ্র"পের আহত আরো ১৩ জন শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
আহত পুলিশ সদস্যেরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক মাওলা, নায়েক নাঈম ও কনস্টেবল শামীম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আবু আউয়াল ১৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন।
এরা হলেন- সুমন (১৫), মোস্তাফিজুর রহমান (৩৫), হৃদয় (২০), পাভেল (১৮), রফিকুল (২২), রনি (২৫), জহির (২২), আনু (৩৫), রুবেল (২৫), রিপন (২০), আবুল হোসেন (২৪), রিপন (২৫), কিশোর কুমার দেব (২৫), মনির হোসেন (২৪) ও ইয়াছিন (২০)।
কোতয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, সংঘর্ষের পর পুলিশ একটি রিভলবার উদ্ধার করেছে।
গ্রেপ্তার ১৫ জনসহ অজ্ঞাত আরো ৩/৪শ' জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে বিকালে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কাউন্সিলরদের ভোটে আমিরুজ্জামান আমির সভাপতি, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক ও মাইনুদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৫ ঘ.
bdnews24