রাঙামাটি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা নিরসনের উপায় বের করার লক্ষ্যে রাঙামাটিতে পার্বত্য ভূমিবিরোধ নিস্পত্তি ও জরিপ সর্ম্পকিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তবে সভায় উপস্তিত কেউ এসব সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের কিছু জানাননি।
সভাশেষে রেজাউল করিম হীরা সাংবাদিকদের বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মতো পার্বত্যাঞ্চলের মানুষও যাতে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, ভূমি এবং সর্বোপরি শান্তিতে বসবসের অধিকার পায় তা নিশ্চিত করতে এ অঞ্চলের ভূমি অধিকারসহ বিরাজমান অন্যান্য সমস্যার দ্রুত সমাধান ও বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে সন্তু লারমা বলেন, মতবিনিময় সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা আগামীতে পার্বত্য ভূমি সমস্যা সমাধানে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।
তিনি পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, ২০০১ সালে পার্বত্য চুক্তির আলোকে গঠিত ভূমি কমিশনকে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার আলোকে কাজ করানোর যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা অবশ্যই সংশোধন করতে হবে এবং পার্বত্যাঞ্চলে বিরাজিত বাস্তবতা ও চুক্তির আলোকেই ভূমি জরিপ করা যেতে পারে।
রাজা দেবাশীষ রায় সাংবাদিকদের বলেন, আলোচনা সভা ছিল প্রাণবন্ত। গৃহীত সিদ্ধান্তগুলোও সুদূরপ্রসারী হয়েছে। পার্বত্য ভূমি কশিনে যেসব সংশোধনী আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা খুবই বাস্তবসম্মত।
চাকমা রাজা আরো বলেন, আমরা ভূমি জরিপের বিরোধী নই। কিন্তু যথাসময়ে ভূমি বিরোধের কাজ সম্পন্ন না করে তার আগে জরিপের কাজ শুরু করা হলে পার্বত্য ভূমি সমস্যা দীর্ঘায়িত হবে।
সভায় কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কেউ কিছু জানননি সাংবাদিকদের।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর, ভারত প্রত্যাগত উপজাতীয় ও অভ্যন্তরীণ শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, বোমাং সার্কেল প্রধানের প্রতিনিধি জিমি প্র" চৌধুরী, মং সার্কেল প্রধান সাচিং প্র" চৌধুরী, ভুমি সচিব আতাহারুল ইসলাম, পার্বত্য মন্ত্রণালয় সচিব মাসুদ আহমেদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচারক এম আসলাম আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সুব্রত রায় চৌধুরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক চন্দ্রনাথ বসাকসহ তিন পার্বত্য জেলার প্রশাসকরা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24