২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগ কেল্লার ভেতরের ব্যক্তিগত স্থাপনা অপসারণের নির্দেশ

ঢাকার লালবাগ কেল্লার ভূমির জরিপ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকার লালবাগ কেল্লার ভূমির জরিপ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে এই জরিপ কাজ শেষে লালবাগ কেল্লার অভ্যন্তরের সব ব্যক্তিগত স্থাপনা অপসারণ করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। রোববার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এছাড়া আদালত লালবাগ কেল্লা যেভাবে আছে সেভাবে তা সংরক্ষণে সরকারকে নির্দেশ দিয়েছে। সেখানে সব ধরনের নির্মাণকাজের ক্ষেত্রে ১৯৬৮ সালের অ্যান্টিকিউটিস অ্যাক্ট ও ২০০৮ সালের বিল্ডিং কস্ট্রাকশন রুলসের বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আইনগত পদ্ধতি অনুসরণ করে লালবাগ কেল্লার চারদিকের সীমানায় পাঁচ মিটার চওড়া হাটার পথ নির্মাণ করতেও বলা হয়েছে। লালবাগের জনৈক হাজী আবুল হাসেম লালবাগ কেল্লার সীমানার মধ্যে তার দাবি করা জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে ২০০৮ সালে প্রশাসন তাকে বাধা দেয়। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ জনস্বার্থ বিবেচনায় আবেদন জানালে হাইকোর্ট গত ২৫ আগস্ট তাকে রিট আবেদনটিতে পক্ষভুক্ত করে। মনজিল মোরসেদ শুনানিতে বলেন, সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী সরকার ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া হাইকোর্ট একটি মামলার রায়ে ইতোপূর্বে ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামসুল হক কাঞ্চন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১২৫ ঘ.