রংপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর রংপুর মেডিকেল কলেজ বন্ধ করে ছাত্র-ছাত্রীদের হল ছাড়তে বলেছে কর্তৃপক্ষ।
কলেজের কমিটি গঠন নিয়ে শনিবার রাতে ডা. মুক্তা ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। ওই সময় চারটি কক্ষে ভাংচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে।
এরপর রোববার সকালে ছাত্রলীগের এক পক্ষ কলেজ অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। তারা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে।
এর এক পর্যায়ে দুপুরে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় কলেজ আগামী ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, উদ্ভুত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের বেলা ৩টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।
ক্যাম্পাস ও হলগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।
ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে এই কোন্দলে চিকিৎসকদের সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট। শিক্ষকদের মধ্য থেকেও এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রলীগের গঠিত নতুন কমিটির সভাপতি পুলক অভিযোগ করেন, হীরক গ্র"পের কর্মীরা নিজেরা ছাত্রাবাসে ভাংচুর ও আগুন লগিয়েছে।
দুপুরে অধ্যক্ষের কার্যালয় ঘেরাওয়ের সময় হীরকের অনুসারীরাই ছিলেন।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মির্জা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেলা ছাত্রলীগের নেতারা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করার পর আওয়ামী লীগের জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডা. দেলোয়ার হোসেনের ইন্ধনে মুক্তা ছাত্রাবাসে হামলা হয়েছে।
ওই সময় কলেজের অধ্যক্ষ কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুন্নবী লাইজু বলেন, "ডা. দেলোয়ার এক সময় মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। তিনি বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে কলেজে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। তার পক্ষ নিয়েছেন অধ্যক্ষ।"
তবে দেলোয়ারকে মদদ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বলেন, "ডা. দেলোয়ার আওয়ামী লীগের নেতা। তাদের দল ক্ষমতায়, আমি তাকে কলেজে আসতে বারণ করতে পারি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেবি/এমআই/১৬০০ ঘ.
bdnews24