কক্সবাজার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে যাত্রীবাহী বাস উল্টে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা গেছেন।
স্থানীয়রা জানিয়েছে, সদর উপজেলার খরুলিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর জানিয়েছেন হাসপাতালের এক কর্মী। তবে এ দুর্ঘটনার বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
নিহত নূর মোহাম্মদ (৪৫) সাতকানিয়ার হাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী সামিরা নূর লিলিসহ কমপক্ষে ১০ জন আহত হন।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মরতরা সাংবাদিকদের জানান, বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে রাত দেড়টার দিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে চট্টগ্রামে নেওয়ার পথেই নূর মোহাম্মদের মৃত্যু হয় বলে হাসপাতালের সেবক (ব্রাদার) মুফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দুর্ঘটনাস্থল খারুলিয়ার বাসিন্দা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি খারুলিয়া বাজারের মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.
bdnews24