সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটির আট যাত্রী উঠে এলেও বাসটির অবস্থান এখনো চিহ্নিত করতে পারেনি ডুবুরীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বৈশাখী পরিবহনের বাসটি আমিনবাজারের সালেপুর সেতুর পাশে নদীতে পড়ে যায়। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশের পাশাপাশি ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরীরও যোগ দিয়েছেন।
সাভার থানার ওসি মাহাবুবুর রহমান পৌনে ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীতে খুব স্রোত। এখনো বাসটি খুঁজে পাওয়া যায়নি। আটজন জীবিত অবস্থায় বেরিয়ে এসেছেন। দমকল বাহিনী বাসটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।"
বাসটি থেকে বেরিয়ে আসাদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিনি বেরিয়ে আসার সময় বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়ে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০২ ঘ.
bdnews24