২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলায় ওএমএস: আরো দুজন করে ডিলার নিয়োগ

চালের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিচালনায় উপজেলা পর্যায়ে আরো দু'জন করে ডিলার নিয়োগ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিচালনায় উপজেলা পর্যায়ে আরো দু'জন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। এতে উপজেলাগুলোতে ওএমএস কার্যক্রম পরিচালনায় ডিলারের সংখ্যা দাঁড়াবে পাঁচজন। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে খাদ্য বিভাগের সচিব বরুণ দেব মিত্র (বিডি মিত্র) এ কথা জানান। গত ৬ অক্টোবর উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে এ জন্য প্রত্যেক উপজেলায় তিনজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়। এই কার্যক্রম পরিচালনায় ডিলারপ্রতি এক টন করে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিকেজি চালের মূল্য ধরা হয়েছে ২৪ টাকা। বরুণ মিত্র বলেন, "ওএমএস কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে চালের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসা। চালের বর্তমান বাজার দর কমে আসা পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে।" সরকারি গুদামে চালের মজুদ পর্যাপ্ত জানিয়ে তিনি বলেন, "ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আনা হয়েছে। আরো এক লাখ টন আনা হবে।" এছাড়া ভারত থেকে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। শনিবার পলাশী বাজার, আজিমপুর ছাপরা মসজিদ, কামরাঙ্গীরচর বেড়িবাঁধ, শহীদনগর, কামরাঙ্গীরচর লোহারপুল ও রায়েরবাজার বধ্যভূমি এলাকায় ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন খাদ্য সচিব। এ সময় তিনি চালের মান ও ওজনের ব্যাপারে ক্রেতাদের সঙ্গে কথা বলে খোঁজ-খবর নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/২৩০৫ ঘ.