২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিটি থেকে এনজিও প্রতিনিধি বাদ চান শিপইয়ার্ড মালিকরা

জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশ সম্মত করার লক্ষ্যে প্রক্রিয়াধীন বিধিমালা থেকে এনজিও প্রতিনিধিদের বাদ দেওয়ার দাবি জানিয়েছে শিপইয়ার্ড মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশ সম্মত করার লক্ষ্যে প্রক্রিয়াধীন বিধিমালা থেকে এনজিও প্রতিনিধিদের বাদ দেওয়ার দাবি জানিয়েছে শিপইয়ার্ড মালিকরা। 'জাহাজভাঙা ও বিপদজনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০১০' প্রায় চূড়ান্ত হলেও এতে এ শিল্প মালিকদের কোনো মতামত নেওয়া হয়নি বলে শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ)। তারা আশঙ্কা করছেন, বিধিমালাটি প্রণীত হলে এ শিল্পটি বন্ধ হয়ে যাবে। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্পে অনিরাপদ পরিবেশে কাজ করা হয় বলে বহু দিনের অভিযোগ। বিভিন্ন সময় দুর্ঘটনায় মারা গেছে অনেক শ্রমিক। নাগরিক ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের চাপে সরকার এ শিল্পকে নিরাপদ করার উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএসবিএ'র সভাপতি জাফর আলম বলেন, "কয়েকটি এনজিও এ শিল্পকে ধবংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা দেশের কথা বিবেচনা না করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় তৎপর।" বিধিমালা প্রণয়নে ইয়ার্ড মালিকদের কোনো মতামত নেওয়া হয়নি বলে জানান তিনি। খসড়া বিধিমালায় জাহাজ ভাঙা শিল্পকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করারও সমালোচনা করেন তিনি। বিএসবিএ নেতারা খসড়া বিধিমালা সংশোধন এবং তাতে ইয়ার্ড মালিকদের সুপারিশ সংযোজন এবং বিধিমালা প্রণয়ন কমিটি থেকে এনজিও প্রতিনিধিদের বাদ দেওয়ার দাবি জানান। পরিবেশ ছাড়পত্র ছাড়া ইয়ার্ডে জাহাজ কাটা নিয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে চলা সম্পর্কে বিএসবিএ সভাপতি বলেন, "এনজিওগুলো আমাদের বিরুদ্ধে মামলা করবে কেন? তাদের কাজ আমাদের নির্দেশনা দিয়ে সহায়তা করা।" পরিবেশবিদদের অভিযোগ প্রত্যাখ্যান করে জাফর আলম বলেন, এ শিল্প তেমন পরিবেশ দূষণ করে না। সংবাদ সম্মেলনে বিএসবিএ সহ-সভাপতি কামাল উদ্দিন, উপদেষ্টা আনাম চৌধুরী, ইয়ার্ড মালিক হেফাজতুর রহমান, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৩০ ঘ.