ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আতাউর রহমান খান কায়সার দেশের মাটি ও মানুষের জন্য সারাজীবন কাজ করে গেছেন।
তার মৃত্যুতে দেশ সৎ, নিষ্ঠাবান ও জনহিতৈষী একজন রাজনীতিক এবং আওয়ামী লীগ সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ একজন দক্ষ সংগঠক হারাল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আতাউর রহমান খান কায়সার মারা যান। গত ২৮ অগাস্ট এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তখন থেকে চিকিৎসাধীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24