ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরা থেকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সহায়তায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওয়াজেদ খান ওরফে জাফর ওরফে সালমান (২৭) পাকিস্তানি নাগরিক এবং আবু বক্কর সিদ্দিক ওরফে বাকার (৪৯) বাংলাদেশে বসবাসকারি অবাঙালী।
তাদের কাছ থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ওয়াজেদ খান ওরফে জাফর ওরফে সালমান বোমা বিশেষজ্ঞ।
এই দুইজনকে গ্রেপ্তার করার আগে গত ৬ অক্টোবর ভোরে সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ২৯ সেপ্টেম্বর নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া লস্কর-ই তৈয়বার সদস্য মো. ইমরান মিয়ার সঙ্গে এ বিস্ফোরক সম্পর্কিত একটি তথ্যের ভিত্তিতে যোগাযোগ করা হয়। ইমরান মিয়া এসব বিস্ফোরক দ্রব্যের সঙ্গে ওয়াজেদ খান ও আবু বক্কর সিদ্দিকের সংশ্লিষ্টতার কথা জানায়।
এরপর কয়েকদিন ধরে গোপনে অনুসন্ধাণ চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত ওয়াজেদ খান পাকিস্তানের লাহোরের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে উলেমা কোর্সে পড়ার সময় লস্কর-ই-তৈয়বার নেতা আব্দুল কুদ্দুস ওরফে আব্দুল করিম টুন্ডা ওরফে বাবাজি'র সাথে পরিচয় হয়। পরে আব্দুল কুদ্দুসের হাত ধরে সে এই জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়।
বিশ্বস্ততা অর্জনের পর ওয়াজেদ খানকে বিভিন্ন বিস্ফোরক দ্রব্যাদি প্রস্তুতের ওপর প্রশিক্ষণ দেওয়ায় আব্দুল কুদ্দুস। গত ৭ এপ্রিল কুদ্দুসের নির্দেশে বাংলাদেশে আসে ওয়াজেদ খান। এখানে এসে ইমরান মিয়ার সাথে দেখা করে। এ সময় ইমরান তাকে আবু বক্কর সিদ্দিকের সাথে পরিচয় করে দেয়। পরবর্তীতে সে ২৬ জুন পাকিস্তানে ফিরে যায় এবং গত ২২ আগষ্ট পাকিস্তান থেকে বাংলাদেশ আবার আসে।
ওয়াজেদ বাংলাদেশে অবস্থানকালে আবু বক্কর সিদ্দিক ও ইমরানের মাধ্যমে রাসায়নিক দ্রব্য কেনে এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরি করে।
আবু বক্করের একটি সাবান কারখানা থাকায় রাসায়নিক দ্রব্য কেনার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে উদ্ধার করা বাংলাদেশী পাসপোর্ট থেকে জানা যায় এ পর্যন্ত সে পাকিস্তান এবং ভারতে ১১ বার যাতায়াত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৫৪৬ ঘ.
bdnews24