ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মজিবুর রহমান ফকিরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
শনিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত এবং তার অবস্থা দ্রুত পরিপূর্ণ সুস্থতার দিকে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানব স্বাস্থ্যের সুরক্ষা বিষয়ে ভুটানে এক আঞ্চলিক সম্মেলনে যোগদানকালে গত ৬ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন দেশে ফেরার পর তাকে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২১৪ ঘ.
bdnews24