২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপের উপকূল অতিক্রম

নিম্নচাপটি উপকূলে উঠে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হওয়ার প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নচাপটি উপকূলে উঠে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হওয়ার প্রক্রিয়ায় আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সাগর এবং উপকূল এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকার আভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সঙ্কেতও বহাল থাকছে। সাগরে নিম্নচাপের কারণে শুক্রবার স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে উপকূল এলাকা। ঘরচাপায়, পানিতে ডুবে ও বজ্রপাতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-পূর্ব দিকে এগিয়ে সন্ধ্যা ৬টায় মংলার পাশ দিয়ে উপকূল অতিক্রম করেছে। এটি এখন বরিশাল-নোয়াখালী এলাকায় স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে জানিয়ে বুলেটিনে বলা হয়, এটি আরো উত্তর-পূর্ব দিকে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা এবং এসব জেলার দ্বীপ ও চর এলাকা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। মাছ ধরার সব নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া বিভাগ। এদিকে জোয়ারের পানি ঘরে উঠে পড়ায় উপকূল এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। পানিবন্দি হয়ে আছে চরাঞ্চলের লক্ষ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে ফেরি চলাচলও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.