২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আঙ্গিকে ইনডিপেনডেন্ট

১৫ বছর ধরে প্রকাশিত হয়ে আসা ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট সংবাদপত্র জগতে নবতর ধারা সৃষ্টির প্রত্যাশায় শনিবার থেকে নতুন আঙ্গিকে বের হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ বছর ধরে প্রকাশিত হয়ে আসা ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট সংবাদপত্র জগতে নবতর ধারা সৃষ্টির প্রত্যাশায় শনিবার থেকে নতুন আঙ্গিকে বের হচ্ছে। এই পত্রিকাটি ১৯৯৫ সালের ২৫ মার্চ প্রকাশিত হয়। তৎকালীন সংবাদপত্র জগতে ব্যবহৃত কাগজের তুলনায় অপেক্ষাকৃত সাদা এবং আমদানি করা কাগজে রঙিন ছাপা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে প্রথম আবির্ভাব ঘটে পত্রিকাটির। দ্য ইনডিপেনডেন্ট এর সম্পাদক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যখন প্রথম যাত্রা শুরু করি তখন আমরা কিছু নতুন ধারা সৃষ্টি করেছি। যেমন, বিনামূল্যে সাপ্তাহিক ম্যাগাজিন, যা এখন সবক'টি পত্রিকা অনুসরণ করছে।" নতুন আঙ্গিকে যাত্রা শুরুর বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, "নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি বলেন, "১৫ বছর পর আবারো নতুন ধারা সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।" তিনি জানান, সবচেয়ে বড় পরিবর্তন হবে এর অবয়বে। পত্রিকাটি হবে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও আরো ঝকঝকে। আলোকচিত্র ও অঙ্গসজ্জার ওপর বেশি জোর দেওয়া হবে। এছাড়া বিষয়বস্তুর ক্ষেত্রেও হবে আরো সমৃদ্ধ। মাহবুবুল আলম বলেন, "পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে এবং নির্ভীকভাবে মত প্রকাশ করবে।" দেশের অন্যতম করপোরেট বাণিজ্যিক সংস্থা বেক্সিমকো গ্র"পের অঙ্গ প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট পাবলিকেশন্স লিমিটেড হচ্ছে এই পত্রিকার প্রকাশক। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, দেশে ইংরেজি দৈনিক পত্রিকাগুলোর প্রচার সংখ্যা বর্তমানে যা রয়েছে সহজেই তার চেয়ে তিনগুণ এমনকি চারগুণ পর্যন্ত বাড়ানো যেতে পারে। বেক্সিমকো গ্র"পের গণমাধ্যম শাখার তত্ত্বাবধানকারী ইকবাল আহমেদ বলেন, "সঠিক বিষয়বস্তুর ওপর আলোকপাত করে ইংরেজি পত্রিকার দিকে তরুণ পাঠকদের আকৃষ্ট করার মতো উপযুক্ত ক্ষেত্র বাংলাদেশে রয়েছে। "নতুন পাঠকদের আকৃষ্ট করার লক্ষ্যেই পত্রিকাটি নতুন আঙ্গিকে প্রকাশ করা হচ্ছে।" তিনি আরো বলেন, "আমরা অন্য পত্রিকাগুলোর সঙ্গে কোনো প্রতিযোগিতা করছি না বা তাদের পাঠকদেরও আকর্ষণ করতে চাইছি না। আমাদের লক্ষ্য হচ্ছে নতুন পাঠক।" পেছনের কথা স্মরণ করে তিনি বলেন, "ইনডিপেনডেন্ট ছাড়াও ১৯৯৫ সালে শৈলী ও আনন্দভূবন নামে দু'টি ম্যাগাজিন এবং বাংলা সংবাদপত্র দৈনিক মুক্তকণ্ঠ প্রকাশের মধ্য দিয়ে বেক্সিমকো গ্র"প প্রকাশনা জগতে প্রবেশ করে। "কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন এই পত্রিকাগুলো বেক্সিমকোর জন্য কম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দৈনিক মুক্তকণ্ঠ ও শৈলী বন্ধ হয়ে যায়।" তিনি আরো বলেন, "গণমাধ্যম প্রতিদ্বন্দ্বিতার কারণে পত্রিকা জগতে মন্দাবস্থা সৃষ্টি হওয়ায় বেক্সিমকো 'টিকে থাকার' কৌশল অবলম্বন করে। কয়েক বছর ধরে শিল্প প্রতিষ্ঠানগুলোর দিকে মনোযোগ রাখা হয়। তবে ইনডিপেনডেন্ট এর কর্মীরা বেক্সিমকোর কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা ছাড়াই পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখেন।" ইকবাল আহমেদ বলেন, "বেক্সিমকো এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে এবং আবারো মিডিয়ার প্রতি মনোযোগী হয়ে উঠেছে।" তিনি জানান, ইনডিপেনডেন্ট পত্রিকাটির প্রকাশনায় স্টেট অব দ্য আর্ট প্রযুক্তি ব্যবহার করা হবে। এর জন্য ট্রেসিং পেপার ব্যবহারের প্রয়োজন হবে না। "একে বলা হয় কম্পিউটার টু প্রেস টেকনোলজি এবং আমরা ইউভি (আল্ট্রা ভায়োলেট) প্লেট ব্যবহার করব", বলেন ইকবাল। পত্রিকাটিতে অনেক নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইকবাল বলেন, "পেশাদার সংবাদকর্মী ছাড়াও আমরা অনেক শিক্ষানবিশ নিয়োগ দিয়েছি। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে আসা কনসালটেন্টরা তাদের প্রশিক্ষণ দিয়েছে। তিনি বলেন, "তারা (শিক্ষানবিশ) আমাদের সঙ্গে চিরকাল থাকবে না, এটা আমরা জানি। কিন্তু তারাই এই শিল্পে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে যাবে।" প্রতি বছর ৫০ জন করে শিক্ষানবিশ নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরজেড/জেবি/কেএমএস/১৪৫৩ ঘ.