পাবনা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা জেলা স্বাস্থ্য বিভাগে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক নিয়োগে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না সিভিল সার্জনকে তার কারণ দর্শাতে বলেছে আদালত।
আগামী ১৫ দিনের মধ্যে সিভিল সার্জন ডা. কে এম আশরাফ উজ্জামানকে এর কারণ জানাতে বলা হয়।
বৃহস্পতিবার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ নির্দেশ দেন।
ওই পদে নিয়োগের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং ওই পদে তাকে কেন নিয়োগ দেওয়া হবে না তার কারণ দর্শানোর আদেশ প্রার্থনা করে সকালে সাঁথিয়া উপজেলার সলংগা গ্রামের মজিবর রহমান সিভিল সার্জনকে বিবাদি করে একটি আবেদন করেন।
শুনানি শেষে মজিবরকে কেন নিয়োগ দেওয়া হবে না তার কারণ জানাতেও সিভিল সার্জনকে নির্দেশ দেয় আদালত।
নোটিশটি সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. দীপক কুমার ঘোষ।
আবেদনে বলা হয়, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে ঘুষের বিনিময়ে মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় যে দু'জনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা মুক্তিযোদ্ধার সন্তান নয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে চাটমোহর উপজেলার হরিসভা রোডের মৃত অজিত কুমার সরকারের মেয়ে মালা রাণী সরকার মৌখিক পরীক্ষায় অংশ নেয়নি বলেও অভিযোগ করা হয়।
বাদির পিতা গোলাম সরোয়ার একজন প্রকৃত মুক্তিযোদ্ধা উল্লেখ করে তাতে আরো বলা হয়, প্রার্থীদের মধ্যে তিনিই একমাত্র মুক্তিযোদ্ধার সন্তান। বিধি মোতাবেক ওই পদে তার চাকরি পাওয়ার অধিকার রয়েছে।
নিয়োগের ক্ষেত্রে ৩০ শতাংশ পদে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়োগ সংরক্ষণের বিধান অমান্য করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এর আগে গত বুধবার দুই লাখ টাকা ঘুষ নিয়ে চাকুরি না দেওয়ার অভিযোগে সিভিল সার্জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন আয়া পদে চাকরি প্রার্থী রেহেনা পারভীন মিনতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24