ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবালকে প্রত্যাহার করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে প্রত্যহার করে সড়ক ও রেলপথ বিভাগে ফেরত পাঠানো হয়। তবে ওই পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
একইদিন সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে প্রশাসনের যুগ্ম-সচিবসহ বিভিন্ন পদেও রদবদল করেছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব নিতাই চন্দ্র সেনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক (যুগ্ম-সচিব) আবুল হাশেম মো. আবদুল্লাহকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প প্রকৌশলী নিয়োগ করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজাকে বাংলাদেশ রাইফেলসের জনসংযোগ কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৫০ ঘ.
bdnews24