২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ট্রেড ইউনিয়নের বিষয়ে মানসিকতা বদলান'

ট্রেড ইউনিয়ন নিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেড ইউনিয়ন নিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি'র (বিজিএমইএ) একটি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শ্রমমন্ত্রী বলেন, "ট্রেড ইউনিয়নের প্রসঙ্গ আসলে পোশাক কারখানার মালিকরা গোখরা সাপের মতো ফোঁস করে উঠেন। তাদের এ মানসিকতার পরিবর্তন করা উচিত।" তিনি বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে কোনো ধরনের বিরোধ সৃষ্টি হলে তা নিরসনে সরকার 'রেফারির' মতো কাজ করবে। "পোশাক শ্রমিক ও মালিকদের সম্পর্কটি বঞ্চিত ও বঞ্চনাকারীর সম্পর্ক নয়", বলেন মন্ত্রী। মোশাররফ বলেন, "পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।" অনুষ্ঠানে ২০০৫ সালের ১১ অক্টোবর সাভারের স্পেকট্রাম সোয়েটার কারাখানার ভবন ধসে নিহত ২০ জন শ্রমিকের প্রত্যেকের স্বজনের কাছে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ এ সংগঠন ৯২টি শিশুকে এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে। কর্মক্ষেত্রে অবদানের জন্য ১১৬ জন শ্রমিককে সনদ দেওয়া হয়। পরে শ্রমমন্ত্রী বিজিএমই ভবনে পোশাকের মান পরীক্ষার জন্য একটি পরীক্ষাগারের উদ্বোধন করেন। পরীক্ষাগারটি স্থাপনে বিজিএমইএ'কে সহযোগিতা করছে বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন গ্র"প ইনডিটেক্স। বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, পোশাক শ্রমিকদের সুবিধা বাড়ানোর জন্য চেষ্টা করে যাবে বিজিএমইএ। তিনি বলেন, "ঢাকা ও চট্টগ্রামে ১৫০ শয্যা বিশিষ্ট দু'টি হাসপাতাল নির্মাণ করছে বিজিএমইএ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৭২৫ ঘ.