ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মহাশক্তি, মহামায়া ও দুর্গতিনাশিনী' দেবী দুর্গাকে মর্ত্যে 'নেমে' আসার আহ্বানের মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেছে ধর্মপ্রাণ হিন্দুরা।
বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী মন্দিরসহ সারাদেশে মহালয়ার আচার-অনুষ্ঠান পালিত হয়। প্রথমে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। এ সময় মঙ্গলঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হয়। সারাদিনই চলবে বিভিন্ন আনুষ্ঠানিকতা।
আগামী ১৩ অক্টোবর মহাষষ্ঠীতে দুর্গার বোধনের মাধ্যমে শুরু হবে মূল পূজা। ১৭ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখা গেলো, ঢাক-কাশা ও শঙ্খ বাজিয়ে মহালয়ার আচার-অনুষ্ঠান পরিচালনা করছেন পুরোহিত। তাকে ঘিরে ভক্তরা দেবীকে আহ্বান জানাচ্ছে।
মন্দিরের পুরোহিত রঞ্জিত চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্গা মা আমাদের জন্য শান্তি ও সংহতি নিশ্চিত করার পাশাপাশি নানা রকম বিপদ থেকেও রক্ষা করেন। তাই আজ সকাল থেকে মহালয়ার মাধ্যমে আমরা তাকে মর্ত্যে আহ্বান জানিয়েছি। তিনি ভক্তদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে আসবেন।"
রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী স্থিরাত্মানন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত মহালয়া, বোধন আর সন্ধিপূজো। এ তিন পর্ব মিলেই দুর্গোৎসব। আজ সকাল থেকে মহালয়ার মাধ্যমে শুরু হলো এই উৎসবের।"
মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি জয়ান্ত দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরাণ মতে, মহালয়ার মাধ্যমে শুরু হয় দেবী পক্ষের। এর আগের পক্ষ হলো পিতৃপক্ষ। এই পক্ষে ভক্তরা তাদের পূর্বপূরুষের আত্মার প্রীতির জন্য অন্ন-জল নিবেদন করে থাকেন। শাস্ত্রে একে তর্পণ বলা হয়। মহালয়ার মধ্যে দিয়ে এই তর্পণ পর্ব শেষ হলো। আর শুরু হলো দেবী পক্ষের। এ পক্ষে ভক্তরা চণ্ডিগ্রন্থ পাঠের মাধ্যমে দেবীকে আবাহন এবং তার লীলা স্মরণ করে থাকেন।"
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার প্রাক সন্ধ্যায় অর্থ্যাৎ শুক্লপক্ষের চতুর্দশীতে কাত্যায়ানী মুণীর কন্যা রূপে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গার আবির্ভাব ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24