লক্ষ্মীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর শহরে ইষ্টিকুটুম নামের একটি চাইনিজ রেস্তোরাঁয় বুধবার মধ্যরাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
ভাংচুরের ছবি তুলতে গিয়ে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখীর লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুসহ ৩ জন আহত হয়েছে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাঙামাটি থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জাবেদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
হামলার সময় সন্ত্রাসীরা রেস্তোরাঁর বাইরের গেইটে তালা লাগিয়ে দিয়ে সদর থানার ওসি ইসমাইল মিয়া, পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন ও কয়েকজন কনস্টেবলকে অবরুদ্ধ করে রাখে।
পরে পুলিশ সুপার নজরুল হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার নজরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লক্ষ্মীপুর জেলা শহরের বাসিন্দা এবং রাঙামাটির নানিয়ার চরথানার এস আই মো. জাবেদ (৪০), লন্ডন প্রবাসী বাবু (৪২), শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা রুবেল (৪০) তাদের কয়েকজন বন্ধু বুধবার রাত ১১ টার দিকে ওই চাইনিজ রেস্তোরাঁর তিন তলায় বসে মদ পান করছিল। তারা এর আগের তিন দিনও সেখানে বসে মদ পান ও ইয়াবা সেবন করে।
বুধবার রাতে রেস্তোরাঁর ব্যবস্থাপক রাকিব (৩২) তাদের কাছে গত ৩ দিনের বিল (টাকা) দাবি করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাকিবের উপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় এসআই জাবেদ।
রাকিবকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তার ভাই কামরুজ্জামান সুমন। এ ঘটনার ছবি তুলতে যান বৈশাখী টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু। এসময় তারা টিপুর ওপর হামলা চালায় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়।
আহতদের মধ্যে টিপু ও সুমনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার নজরুল হোসেন বলেন, "বড় ধরনের ঘটনা এড়াতে পুলিশ রাতে এ্যাকশনে যায়নি। তবে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
তিনি জানান, এ ব্যাপারে চারজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রাতেই এসআই জাবেদ, রুবেল ও বাবুকে গ্রেপ্তার করেছে। অপর আসামি রিপন পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৪৩ ঘ.
bdnews24