২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১৫ দোকানির জেল-জরিমানা

ফরমালিন মেশানো ফল এবং নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে রাজধানীর ১২ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরো তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 05:37 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরমালিন মেশানো ফল এবং নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে রাজধানীর ১২ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরো তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের আলাদা দুটি দল এ অভিযান চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড ও মিরপুর-১০ নম্বর গোলাচত্বরে আটটি দোকানে কমলা, আম, কলা, পেঁপে, আপেল ও আঙুর পরীক্ষা করে বিষাক্ত ফরমালিন পায়। এসময় প্রায় ৬০ কেজি আঙুর ও ২০ কেজি আপেল ধ্বংস করা হয়। আট দোকানিকে মোট ৪৩ হাজার টাকা জরিমানাও করা হয়। পরিবেশ অধিদপ্তরের অন্যদলটি নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে কারওয়ান বাজারের চার দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করে। এরমধ্যে দোকান মালিক জাকির, মাসুদ ও মামুনকে দশ হাজার টাকা করে এবং শাহজালালকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর তিন দোকানিকে কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে আব্দুর রাজ্জাক ও মো. কাইয়ুমকে ১৫ দিন এবং মো. বাচ্চু মিয়ার ৩০ দিনের কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএনএস/ডিডি/২৩২১ ঘ.