২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী মনোনয়নের নির্দেশ হাসিনার

পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী মনোনয়নের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 05:36 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী মনোনয়নের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বুধবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী আসন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী দেওয়ার ব্যাপারে সাংসদদের লক্ষ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে করণীয় নির্ধারণে সাংসদদের তাগিদও দেন তিনি। রাত নয়টা ৫০ মিনিটে শুরু হওয়া আধ ঘন্টার বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী নিজ দলের সাংসদদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "কোনো সাংসদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না।" আওয়ামী লীগের নীতিনির্ধারকদের একজন এ বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। এদিকে, মাদারীপুর-১ আসনের সাংসদ ও হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "নেত্রী বলেছেন যে, গতবারের মতো আগামীতেও জরিপের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।" তবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের আরেক সদস্য জানান, আগামী নির্বাচনেও জরিপের ভিত্তিতে মনোনয়ন দেওয়ার কথা বলে দলের সভানেত্রী বলেছেন, "কোনো তদবীরে কাউকে মনোনয়ন দেওয়া হবে না।" শেখ হাসিনা সবাইকে জনসেবায় আরো মনোযোগী হতে বলেছেন বলে ওই সদস্য জানান। আওয়ামী লীগ সভানেত্রী সাংসদের নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন। তিনি সাংসদদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এইচএ/২৩৪৫ঘ.