২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং: গাজীপুরে ফের বিক্ষোভ

ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আবারো বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

গাজীপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আবারো বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকালে কালিয়াকৈর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসী স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করতে যায়। তবে পুলিশের বাধা পেয়ে তারা ফিরে আসে। এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক সোহেল পারভেজের অপসারণও দাবি করে। সোমবার রাতে কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ রাতেই ৭ জনকে গ্রেপ্তার করে। পরদিন সকালে ওই কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান এক লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করে দুই থেকে আড়াইশ' গ্রামবাসীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। স্থানীয় ব্যবসায়ী সিদ্দিক মিয়া জানান, উপজেলার সর্বত্র ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে দুই শতাধিক গ্রাহক বুধবার সকাল ১০টার দিকে মিছিল সহকারে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যায়। পরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্বারকলিপি দেয়। উপমহাব্যবস্থাপক সোহেল পারভেজ সাংবাদিকদের জানান, এই উপকেন্দ্রে প্রতিদিন ২৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যায় ৯ থেকে ১০ মেগাওয়াট। সে কারণে ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক এ জেড এম আজাদ বলেন, "আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাই তা ভাগ করে দিতে হয়। বিদ্যুৎ ঘাটতি থাকায় আমাদের কিছু করার নেই।" কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এলাকাবাসীর বিক্ষোভ কর্মসূচি শেষ হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৫ ঘ.