২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত ইউপি বিল পাস

সংশোধিত ইউনিয়ন পরিষদ বিল সংসদে পাস হয়েছে। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন পুরনো ওয়ার্ড সীমানা ধরেই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- সংশোধিত ইউনিয়ন পরিষদ বিল সংসদে পাস হয়েছে। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন পুরনো ওয়ার্ড সীমানা ধরেই হবে। 'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধনী ) বিল-২০১০' বুধবার সংসদে পাস হয়েছে। ইউনিয়ন পরিষদের বর্তমান আইনে প্রতিটি ওয়ার্ডে জনংখ্যার ব্যবধান ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে ওয়ার্ডের সীমানা বিন্যাসের যে বিধান রয়েছে, তা নতুন আইনে বাতিল হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীতে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। প্রস্তাবিত বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান আইন অনুযায়ী সব ওয়ার্ডে ভোটার সংখ্যার পার্থক্য ১০ শতাংশের বেশি-কম হতে পারবে না। এজন্য ওয়ার্ডের সীমানা নির্ধারণ ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু ওয়ার্ডের সীমানা পুনর্নিধারণ করা হলে দেশে বহুসংখ্যক গ্রাম ও মৌজা ভাঙা-গড়ার প্রয়োজন হবে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে। এ নিয়ে সংক্ষুব্ধ হয়ে কেউ আদালতে মামলা করলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা থেকে আইনটি সংশোধন করার প্রয়োজন দেখা দিয়েছে বলে বিবৃতিতে বলা হয়। ১৯৯৭ সালে তৎকালীন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অর্ডিনেন্স -১৯৮৩ এর ধারা ১৮ সংশোধনের মাধ্যমে প্রতিটি ইউনিয়নকে আয়তন নির্বিশেষে নয়টি করে ওয়ার্ড বিভক্ত করা হয়। সে সময়ে একবার ওয়ার্ড বিন্যাস হওয়ার কারণে ওয়ার্ডের সীমানা পরিবর্তন হয়েছিলো। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী সর্বশেষ আদমশুমারির ভিত্তিতে ওয়ার্ডের লোকসংখ্যা শতকরা ১০ ভাগ এর কম-বেশি বিধান যুক্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫০ ঘ.