পাবনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার নিয়োগ পরীক্ষা ভণ্ডুল ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার মামলার আরো চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
এ নিয়ে ওই ঘটনায় মোট ২৫ জন আত্মসমর্পণ করলেন। এর আগে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।
বুধবার পাবনার দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণকারীরা হলেন- সজিব, আসাদ, রাসেল ও সমাপ্তি। তারা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। একই ঘটনায় দায়ের করা দুটি মামলায়ই তারা আসামি।
গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছিলো। পরীক্ষা শুরু হওয়ার সময় দুটি কেন্দ্রে ছাত্র ও যুবলীগের শতাধিক নেতা-কর্মী পরীক্ষার প্রশ্নপত্র কেড়ে নেয়। তারা দুই অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) কর্তব্যরত ম্যাজিস্ট্রেটদের মারধর করে, চারটি সরকারি গাড়ি ও স্কুলে ব্যাপক ভাংচুর করে।
ওইদিনই পাবনার নির্বাহী হাকিম মঈনুল হোসেন বাদি হয়ে সরকারি গাড়ি ও বিদ্যালয়ে ভাংচুরের অভিযোগে পাবনা সদর থানায় দ্রুত বিচার আইনে ৩৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরদিন ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এ ছাড়া হাকিম সরোয়ার আলম বাদি হয়ে সরকারি কাজে বাধাদান ও পরীক্ষা ভণ্ডুলের অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
মঙ্গলবার নিয়োগ পরীক্ষা ভণ্ডুল ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ছাত্র ও যুবলীগের ২৬ নেতাকর্মীর জামিন হয়েছে।
এদের মধ্যে জেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল ও যুবলীগ নেতা হেলাল উদ্দিনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় সন্ধ্যায় তারা কারাগার থেকে ছাড়া পান।
বাকি ২৪ জনের বিরুদ্ধে একই ঘটনায় দ্রুত বিচার আইনের মামলা থাকায় তার মুক্তি পাননি। বুধবার দ্রুত বিচার আইনের এই মামলার জামিন শুনানির দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার ছাড়া পাওয়া এনায়েত হোসেন দুলাল ও হেলাল উদ্দিন ছাড়া অপর ৩১ জন দুই মামলারই আসামি।
এর মধ্যে ২১ জন গত ২৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে পুলিশ গ্রেপ্তার করে আরো পাঁচজনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৪০৫ ঘ.
bdnews24