২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা পার করছে না স্পিডবোটগুলো

মারামারির জের ধরে মাওয়া-কাওড়াকান্দি রুটের স্পিডবোট পারাপার বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 07:11 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

মাদারীপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারামারির জের ধরে মাওয়া-কাওড়াকান্দি রুটের স্পিডবোট পারাপার বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। কাওড়াকান্দি ঘাট স্পিডবোট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডেকেছে। এই রুটে লঞ্চ ও ফেরির পাশাপাশি প্রায় চারশ স্পিডবোট চলাচল করে। কাওড়াকান্দির স্পিডবোট মালিকদের অভিযোগ, পদ্মার ওপারে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের স্পিডবোট শ্রমিকরা মঙ্গলবার সন্ধ্যায় কাওড়াকান্দির শ্রমিকদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদেই তারা ধর্মঘট ডেকেছেন। কাওড়াকান্দি ঘাট স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাওয়া ঘাটে সিরিয়াল চাওয়াকে কেন্দ্র করে কাওরাকান্দি ঘাটের চারজন স্পিডবোট চালককে মারধর করে মাওয়া ঘাটের স্পিডবোট চালকরা।" তিনি বলেন, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত স্পিডবোট চালাবেন না তারা। কাওড়াকান্দি ঘাটে কোনো স্পিডবোট ভিড়তেও দেওয়া হবে না। কাওরাকান্দির স্পিডবোটচালক রাজিব হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, মাওয়া ঘাটের মালিক-শ্রমিকরা সিরিয়ালের ক্ষেত্রে তাদের মাওয়ার স্পিডবোটগুলোকে অগ্রাধিকার দেয়। কাওড়াকান্দিরগুলোকে পেছনে রাখে। এ বিষয়ে মহাসড়ক পুলিশের কাওড়াকান্দি পারের পাঁচ্চর ফাঁড়ির উপপরিদর্শক আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই ঘাটের স্পিডবোট মালিক- শ্রমিক সমিতির দ্বন্দ্বকে কেন্দ্র করে এ সমস্যা দেখা দিয়েছে। তবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।" দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো মাওয়া-কাওড়াকান্দি রুট ব্যবহার করে। দ্রুত পারাপারের জন্য ফেরি ও লঞ্চের বদলে অনেক যাত্রী স্পিডবোটে চলাচল করেন। ধর্মঘটের কারণে এ ধরনের যাত্রীরা বিপাকে পড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০০ ঘ.