বরিশাল, অক্টোবর ০৫ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাল টাকার মামলায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
একইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশালের বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক কাজী গোলাম সরোয়ার আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিতের নাম- জাহাঙ্গীর হোসেন খান। তার বাড়ি ঝালকাঠির কৃষ্ণকাঠী গ্রামে।
গত বছরের ৩ অক্টোবর রাত ৮টায় বাকেরগঞ্জের কলসকাঠী এলাকার মাছ বিক্রেতা আল-আমিনের কাছ থেকে মাছ কিনে একশ' টাকার একটি জাল নোট দেন জাহাঙ্গীর হোসেন খান।
পরে তার দেহ তল্লাশি করে আরো ১৭টি জাল একশ' টাকার নোট উদ্ধার করা হয়।
ঘটনার পরদিন আল আমিন বাদি জাহাঙ্গীরের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন।
ওই বছরের ২২ ডিসেম্বর বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24